শেরপুরে পুলিশ পরিচয়ে দুই নারীর স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে দুর্বৃত্তরা পুলিশের পরিচয় দিয়ে প্রাতর্ভ্রমণকালে দুই নারীর কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করেছে। গতকাল শুক্রবার সকাল ছয়টায় পৌর শহরের মোহনা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের কবলে পরা পৌর শহরের দক্ষিণ সাহাপাড়ার চন্দ্র মহন্তের স্ত্রী ষষ্ঠী রানী (৫৫) জানান, পাড়ার ভবেশ চন্দ্র মহন্তের স্ত্রী শোভা রানী মহন্ত (৪৫) ও তিনি প্রতিদিনের মতো গতকাল ভোরে হাঁটতে বের হন। মার্কেটের সামনে আসার পর চুল ছোট করে ছাঁটা প্যান্ট-শার্ট পরা তিন যুবক সামনে এসে নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেয়। তারপর যুবকেরা তাঁদের (ষষ্ঠ রানী ও শোভা রানী) শরীরে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে বলে চ্যালেঞ্জ করে তা বের করে দিতে বলে।
এতে ভীতসন্ত্রস্ত দুই নারী তাঁদের গায়ের স্বর্ণালংকার ছাড়া কিছু নেই বলে জানালে ওই অলংকারই খুলে নেয় যুবকেরা। এরপর তাদের সঙ্গে থানায় যেতে বলে। দুই নারী পিছু পিছু কিছু দূর যাওয়ার পর তিন যুবক তাঁদের ফেলে একটি বিদ্যালয়ের পাশ কেটে চোখের আড়ালে চলে যায়।