শেরপুরে পুলিশি নির্যাতনে আসামি মৃত্যুর অভিযোগ
শেরপুর সদর থানায় পুলিশি নির্যাতনে গতকাল বৃহস্পতিবার ভোরে মো. শাহাদাত হোসেন (৪৫) নামের এক আসামির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মৃত শাহাদাত শেরপুর জেলা শহরের মধ্য নওহাটা মহল্লার বাসিন্দা। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।মৃত শাহাদাতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তাঁর ছোট ভাই সামশাদ হোসেন ও সওদাগরের বিরোধ চলে আসছিল। এ নিয়ে ছোট ভাই সামশাদ বড় ভাই শাহাদাত হোসেন ও তাঁর ছেলে শাহিনসহ চারজনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা করেন। ওই মামলায় গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের সদস্যরা শেরপুর জেলা কারাগার মোড় থেকে শাহাদাতকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে শেরপুর সদর থানায় নিয়ে যাওয়া হয়।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শাহাদাতের বাড়িতে গেলে তাঁর স্ত্রী শাহিদা খাতুন (৪০) লাশের পাশে বসে কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার স্বামী কাইলকাও রাজমিস্ত্রির কাম করছে। আমার ভালা স্বামীরে পুলিশ রাইতের বেলায় ধইরা নিয়া গ্যাছে। আর অহন লাশ আইনা ফেরত দিয়া গ্যাছে। পুলিশ আমার স্বামীরে নির্যাতন কইরা মাইরা ফালাইছে। আমার জ্যাতা (জীবন্ত) স্বামীরে ফেরত আইনা দেইন।’শাহাদাতের বড় ছেলে মো. শাহিন আলম (২০) বলেন, ‘আমার আব্বাকে পুলিশ ধরে নেওয়ার পর আমরা তাঁর আর কোনো খোঁজ পাইনি। গভীর রাতে চাচা সামশাদ মোবাইল ফোনে জানান, আব্বা গুরুতর অসুস্থ। তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এরপর ভোরে জানতে পারি, আব্বা মারা গেছেন। পরে সকাল সাড়ে আটটার দিকে দুই চাচা সামশাদ ও সওদাগর আব্বার লাশ বাড়িতে ফেলে পালিয়ে যান।’ তিনি আরও জানান, তাঁর বাবাকে ধরে নেওয়ার পর দুই চাচাই থানায় অবস্থান করছিলেন।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা পুলিশি নির্যাতনে শাহাদাতের মৃত্যুর অভিযোগ অস্বীকার করে বলেন, আসামি শাহাদাত উচ্চরক্তচাপের রোগী ছিলেন। বুধবার রাত দেড়টার দিকে থানার কর্তব্যরত কর্মকর্তার কক্ষে অবস্থান করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তাঁকে তাঁর ভাই সামশাদ হোসেনের জিম্মায় দেওয়া হয়। এরপর তাঁকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে, পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোরে তিনি মারা যান। ওসি দাবি করেন, রাত সাড়ে ১২টার দিকে আসামি শাহাদাতকে থানায় আনার পর লকআপে তোলা হয়নি। তাঁকে কর্তব্যরত কর্মকর্তার কক্ষেই রাখা হয়েছিল।গতকাল রাত ১১টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং লাশের ময়নাতদন্ত হয়নি। শাহাদাতের দুই ভাইকে তাঁদের বাড়ি গিয়ে পাওয়া যায়নি।