শেরপুরে পৃথক ঘটনায় দুই যুবক নিহত
শেরপুরের সদর উপজেলার লছমনপুর ও কামারেরচর ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় আজ বৃহস্পতিবার আবদুল মজিদ (১৮) ও এমদাদুল হক (২৬) নামের দুই যুবক প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন।
কামারেরচরের ঘটনায় নিহত এমদাদুলের ছোট ভাই আকরামুল হকসহ (২৪) ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে একটি মুঠোফোন চুরিকে কেন্দ্র করে আজ ভোরে কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মজিদকে একই গ্রামের আবদুুল খালেক, আনিছ, রঞ্জুসহ আট থেকে ১০ জন পিটিয়ে হত্যা করে কৃষ্ণপুর দড়িপাড়া মসজিদের সামনে লাশ ফেলে রাখে। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ মজিদের লাশ উদ্ধার করে। আজ দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে মজিদের লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে।
এদিকে আজ বিকেলে কামারেরচর ইউনিয়নের কামারেরচর বাজারে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে সিরিয়াল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরবাবনা খানবাড়ির লোকজনের সঙ্গে পাশের সাহাব্দীরচর গ্রামের নিজাম উদ্দিনের বিরোধ হয়। এর জের ধরে খানবাড়ির ইউসুফ খান ও মোহাম্মদ আলীর নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কামারেরচর পাবলিক উচ্চবিদ্যালয়ে নিজামের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের ফালার আঘাতে এমদাদুল হক গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় তিনি মারা যান।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম দুটি ঘটনারই সত্যতা নিশ্চিত করে জানান, মজিদ হত্যাকাণ্ডের ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আবদুল মোতালেব (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। কামারেরচর ইউনিয়নের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।