শেরপুরে পোশাককর্মীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদী উপজেলার লাইলী বেগম (২৫) নামের একজন পোশাকশ্রমিকের কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার খড়িয়া কাজীরচর ইউনিয়নের বৈষ্ণবের চর গ্রামে। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অভিযোগ উঠেছে, যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাইলীর স্বামী পোশাকশ্রমিক মামুন মিয়াকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার বিকেলে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল বাহারের আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাছিনুর রহমান জানান, লাইলীর মৃত্যুর ঘটনায় তাঁর বাবা জবেদ আলী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় মামুন মিয়া, তাঁর বাবা ইউনুছ আলী ও দাদা আক্কেল আলীকে আসামি করা হয়েছে। মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে মামুনের নির্যাতনে লাইলীর মৃত্যুর সত্যতা পাওয়া গেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চাংপাড়া গ্রামের মামুন মিয়ার সঙ্গে লাইলী বেগমের বিয়ে হয়। মামুন ও লাইলী ঢাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তাঁরা ঢাকার উত্তরখান থানার ময়নারটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কিন্তু বিয়ের পর থেকেই মামুন ও তাঁর পরিবারের লোকজন যৌতুকের জন্য লাইলীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এক সপ্তাহ আগে তাঁদের নির্যাতনে লাইলী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় লাইলীর আত্মীয়স্বজন গত বৃহস্পতিবার তাঁকে ঢাকা থেকে এনে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে লাইলীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। কিন্তু লাইলীর পরিবারের পক্ষে তা সম্ভব না হওয়ায় গত রোববার সকালে সদর হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।