শেরপুরে প্রতারণার অভিযোগে কলেজের অধ্যক্ষ গ্রেপ্তার
চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণা ও আত্মসাত্ করার অভিযোগে শেরপুর সদর উপজেলার কামারেরচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. দিদারুল ইসলামকে (৪৮) সদর থানার পুলিশ গত বুধবার গভীর রাতে গ্রেপ্তার করেছে। দিদারুলকে গতকাল বৃহস্পতিবার বিকেলে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল বাহারের আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের শাহাব্দীরচর গ্রামের মৃত বাহেজ কামারের ছেলে মো. তাজুল ইসলাম বাদী হয়ে সদর থানায় গত বুধবার অধ্যক্ষ দিদারুলের বিরুদ্ধে মামলা করলে পুলিশ রাতে তাঁকে তাঁর নালিতাবাড়ী উপজেলার কলসপাড় গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে অধ্যক্ষ দিদারুলের বিরুদ্ধে তাজুল ইসলামের দায়ের করা মামলার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।অধ্যক্ষ দিদারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তাজুলের কাছ থেকে কোনো টাকা-পয়সা নেননি। তাঁর বিরুদ্ধে সাজানো মামলা দায়ের করা হয়েছে।