শেরপুরে প্রতিপক্ষের হামলায় কিশোরী নিহত, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল শনিবার শেরপুর সদর উপজেলার চর শেরপুর নিজপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় ফজিলা খাতুন (১৬) নামে এক কিশোরী নিহত ও তিনজন আহত হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হজরত আলী (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।নিহত ফজিলা খাতুন ওই গ্রামের ফজল আলীর মেয়ে। এলাকাবাসী সূত্র জানায়, চর শেরপুর নিজপাড়া গ্রামের সাইজুদ্দিনের সঙ্গে তাঁর জামাতা একই গ্রামের মিস্টার আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে শেরপুর সদর থানায় উভয় পক্ষ মামলা করেছে। গত শুক্রবার রাতে শ্বশুর সাইজুদ্দিন মামলা প্রত্যাহারের জন্য জামাতা মিস্টার আলীকে চাপ দেন। কিন্তু মিস্টার মামলা প্রত্যাহারে রাজি হননি। এর জের ধরে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে সাইজুদ্দিনের নেতৃত্বে একদল লোক ধারালো অস্ত্র নিয়ে মিস্টার আলীর ওপর হামলা চালায়। এ সময় মিস্টারের ভাতিজি ফজিলা খাতুনসহ কয়েকজন আত্মীয় তাঁকে রক্ষার জন্য এগিয়ে গেলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ফজিলা ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মিস্টারসহ তিনজন আহত হন।