শেরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ
‘সব মা-ই বাচ্চাদের স্কুলে পাঠাইতে চান। কিন্তু স্কুলে কিছু ছাত্রী উপবৃত্তি পায়, সবাই পায় না। যারা পায় না, সেই শিশুরা মন খারাপ করে, পরে স্কুলে যাইতে চায় না। মা হিসাবে আমাগোও খারাপ লাগে। তবে মাগোরেও সচেতন হইতে হইব, যাতে আমাদের সন্তান সুশিক্ষিত হয়।’
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে অভিভাবকদের করণীয় সম্পর্কে শেরপুর জেলা সদরে আয়োজিত ‘মা সমাবেশে’ এমন কথা বলেন স্থানীয় শাহাব্দীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মা তানিয়া নিশাত। শেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ গতকাল বৃহস্পতিবার শেরপুর জি কে পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, সাংসদ আতিউর রহমান এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন। বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবদুল হালিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর মা।