শেরপুরে ফুটপাত দখল পথচারীর ভোগান্তি
বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যবসার দোকান। পৌর কর্তৃপক্ষ উচ্ছেদের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। ফলে বেড়েই চলেছে সাধারণ মানুষের দুর্ভোগ। মহাসড়ক দেখভালকারী বগুড়ার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল হক জানান, শেরপুরের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে বগুড়ার জেলা প্রশাসকসহ স্থানীয় উপজেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হয়েছে। শুক্রবার সরেজমিনে দেখা গেছে, উপজেলা শহরের মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকার উভয় পাশে দোকানের মালামাল রাখা হয়েছে। এর মধ্যে শহরের পূর্ব পাশে উত্তরের তুলাপট্টি থেকে দক্ষিণের সরকারি খাদ্যগুদাম এবং পশ্চিম পাশে মোহনা মার্কেট থেকে ধুনট রোডের পৌর মার্কেট পর্যন্ত অবস্থা বেশি খারাপ। স্থানীয় সুজাউদেদৗলা জানান, প্রায় এক মাস আগে পৌর কর্তৃপক্ষ শহরের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মাইকে প্রচার করে। এর পরও উচ্ছেদ হয়নি। এমন ঘটনায় পৌর কর্তৃপক্ষ উচ্ছেদে কোনো আইনগত পদক্ষেপও নেয়নি। টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হাসান মিয়া জানান, ফুটপাত দখলমুক্ত না হওয়ায় পথচারীরা মহাসড়কের পাশ দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে। বাসস্ট্যান্ড ব্যবসায়ী সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম বলেন, ফুটপাত দখলমুক্ত না হওয়ায় ফুটপাতের পাশের স্থায়ী ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় অসুবিধার পাশাপাশি পথচারীদের দুর্ঘটনা বাড়ছে। অবৈধ দোকান উচ্ছেদের জন্য পৌর কর্তৃপক্ষসহ স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। উচ্ছেদের পরিবর্তে দিন দিন দখলের সংখ্যা বেড়েই চলেছে। ফুটপাতের ব্যবসায়ী দোকানের মালিক বিপ্লব বলেন, ‘পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছি। পৌর কর্তৃপক্ষ ব্যবসা করার অনুমতি দিয়েছে, তাই ব্যবসা করছি।’ একই ধরনের কথা বলেন ফুটপাতের ব্যবসায়ী হানিফ ও মজনুসহ কয়েকজন। শেরপুর পৌরসভার কাউন্সিলর ফিরোজ আহমেঞ্চদ বলেন, পৌর শহরের মধ্যে ব্যবসায়ীদের ব্যবসা করতে হলে পৌর ট্রেড লাইসেন্স করার বিধান আছে। তবে এমন লাইসেন্স নিয়ে কেউ ফুটপাতে ব্যবসা করছে কি না, তা জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান বলেন, ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলে সুবিধার্থে এ পর্যন্ত তিনবার ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে উচ্ছেদের নির্দেশসহ দোকানের মালিকদের আর্থিক জরিমানা করা হয়েছে। প্রয়োজনে আরও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।