শেরপুরে ফুটপাতে নির্মাণসামগ্রী
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের প্রায় দুই কিলোমিটার এলাকায় সড়কের ফুটপাতে নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। ফলে পথচারীদের দুর্ভোগের অন্ত নেই।
ধুনট রোড এলাকার নির্মাণাধীন একটি ভবনের মালিক আ ন ম গোলাম হামিম জানান, ভেতরে নির্মাণসামগ্রী রাখার মতো কোনো জায়গা নেই। এ জন্যই মহাসড়কের পাশে রেখেছেন। ফেলে রাখা বালি উড়ে কারও যাতে সমস্যা না হয়, এ জন্য প্রতিদিনই বালির ওপর বেশি করে পানি ছিটান।
দুর্ভোগের শিকার একাধিক ব্যক্তির অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে নির্মাণসামগ্রী পড়ে থাকলেও তা অপসারণে স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ নেই। ফলে জনদুর্ভোগ বেড়েই চলেছে।
রিকশাচালক জাহিদুল ইসলাম বলেন, দূরপাল্লার গাড়ি দ্রুত বেগে যাওয়ার সময় সড়কের পাশে স্তূপ করে রাখা বালি উড়ে চোখে ঢুকে পড়ে। এতে রিকশার যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছাতে কষ্টে পড়তে হয়। একই ধরনের কথা বলেন আরেক রিকশাচালক জয়নাল আবেদীন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক (আরএমও) মো. ওলীউল্লাহ বলেন, ধুলাবালির কণা চোখে গেলে চোখের ক্ষত রোগের পাশাপাশি বড় ধরনের ক্ষতি হতে পারে। শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডু এ সমস্যার কথা স্বীকার করে জানান, তিনি সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেবেন।