শেরপুরে বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বই কিনুন, বই পড়ুন, উৎ সবে প্রিয়জনকে বই উপহার দিন’ স্লোগান সামনে রেখে গতকাল শুক্রবার থেকে শেরপুরে চার দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ মেলার আয়োজন করেছে একুশে বইমেলা উদ্যাপন পরিষদ। শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-১ (শেরপুর সদর) আসনের সাংসদ আতিউর রহমান। আলোচনা সভায় বক্তব্য দেন শেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান, নবনির্বাচিত পৌর মেয়র মো. হুমায়ুন কবীর, প্রবীণ শিক্ষাবিদ মো. মুহসীন আলী, রাজীব কুমার সরকার, মোসাদ্দেক ফেরদৌসী ও বইমেলা উদ্যাপন পরিষদের সদস্য-সচিব মলয় চাকী।উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আদিবাসী গারো শিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করেন।বইমেলা উদ্যাপন পরিষদের সদস্য-সচিব মলয় চাকী জানান, মেলায় ৪০টি বইয়ের স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলা চলাকালে প্রতিদিন সন্ধ্যায় নাটক, বাউলগান, জারিগানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। ২১ ফেব্রুয়ারি সোমবার এ মেলা শেষ হবে।