শেরপুরে বছরে চার মাস পানিবন্দী ৪০০ পরিবার
বগুড়ার শেরপুর উপজেলা শহরসংলগ্ন খন্দকারটোলা গ্রামের প্রায় ৪০০ পরিবারকে বছরের চার মাস পানিবন্দী হয়ে থাকতে হচ্ছে। পানি নিষ্কাশনের পথ দখল করে লোকজন ঘরবাড়ি গড়ে তোলায় সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে আওয়ামী লীগের স্থানীয় (বগুড়া-৫ আসন) সাংসদ হাবিবর রহমানের বাসভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের পূর্ব ও দক্ষিণ পাশেই খন্দকারটোলা গ্রামের ওই জলাবদ্ধতা।
খন্দকারটোলার বাসিন্দা খলিলুর রহমান বলেন, আট-দশ বছর আগে মহল্লার পশ্চিম পাশে সাঁকোর নিচ দিয়ে বৃষ্টির পানি বের হতো। এখন সাঁকোর উভয় পাশে ঘরবাড়ি ও সীমানাপ্রাচীর গড়ে তোলায় সাঁকোর নিচ দিয়ে পানি যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে।
শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান বলেন, পাঁচ-ছয় বছর ধরে খন্দকারটোলা গ্রামে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই জলাবদ্ধতা দূর করার আর্থিক সামর্থ্য পরিষদের নেই। স্থায়ীভাবে সমস্যা সমাধানের জন্য বিষয়টি তিনি উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় এবং উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে (এলজিইডি) একাধিকবার জানিয়েছেন।
স্থানীয় সাংসদ হাবিবর রহমান বলেন, জলাবদ্ধতা দূর করতে তাঁর আন্তরিকতার অভাব নেই। তিনিও উপজেলা এলজিইডি প্রকৌশলীর সঙ্গে কথা বলেছেন।
উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম বলেন, ওই মহল্লার লোকজন অপরিকল্পিতভাবে ঘরবাড়ি গড়ে তোলায় বৃষ্টির পানি বের হওয়ার মতো কোনো ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই সমস্যা নিরসন করার মতো কোনো অর্থ বরাদ্দ নেই।