শেরপুরে বনভোজনের বাসে হামলা, দুই স্কুলছাত্রী আহত
মাইক বাজানোর অপরাধে জামালপুর থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কগামী বনভোজনের একটি বাসে গতকাল মঙ্গলবার হামলা ও ভাঙচুর করেছে একদল উচ্ছৃঙ্খল যুবক। এ সময় দুই স্কুলছাত্রী গুরুতর আহত হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার ভারুয়াখালী এম এন এ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা দুটি বাসে করে গতকাল সকালে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে বনভোজনে যাচ্ছিল। পথে গ্যাস নেওয়ার জন্য দুপুর ১২টার দিকে শেরপুর জেলা শহরের নবীনগর এলাকায় অবস্থিত তাজ ফিলিং স্টেশনে থামে বাস দুটি। এ সময় দুটি বাসেই মাইক বাজানো হচ্ছিল। মাইকের শব্দে ক্ষিপ্ত হয়ে ফিলিং স্টেশনের সামনের একটি মোবাইল ফোন দোকানের মালিক রাজীব বিদ্যালয়ের ছাত্রীদের বহনকারী বাসের ভেতরে ঢুকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ সময় বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ করলে রাজীব তাঁর চাচা সাবেক ওয়ার্ড কমিশনার আবদুল হামিদ ও অন্যান্য সহযোগীদের নিয়ে হামলা চালিয়ে বাসের জানালার কাচ ভাঙচুর ও শিক্ষার্থীদের বেদম মারধর করেন। এতে দশম শ্রেণীর ছাত্রী ফারজান আফরিন ও নবম শ্রেণীর ছাত্রী রুনা পারভীন গুরুতর আহত হয়। রুনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফারজানকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেরপুর পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার আবদুল হামিদকে ঘটনাস্থল থেকে আটক করে।এ ব্যাপারে ভারুয়াখালী এম এন এ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, আবদুল হামিদের উসকানিতে উচ্ছৃঙ্খল যুবকেরা ছাত্রীদের বহনকারী বাসটিতে হামলা চালায়।তবে সদর থানা হেফাজতে গ্রেপ্তার আবদুল হামিদ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ফিলিং স্টেশনে জটলা দেখে তিনি সেখানে এগিয়ে যান এবং হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম হোসেন বলেন, এ ঘটনায় রাজীব ও আবদুল হামিদসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে সদর থানায় মামলা করা হয়েছে।