শেরপুরে বন্ধ হলো দুই শিশুর বিয়ে
বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে গতকাল শুক্রবার দুই শিশুর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ইটালি গ্রামের জিয়াউল হকের মেয়ে জেসমিন খাতুনের (১২) সঙ্গে গাজীপুরের জয়দেবপুরের ঢেঁকেরচালা গ্রামের ইউনুছ খানের ছেলে রাজীব খানের (১৫) ওই বিয়ের আয়োজন চলছিল।
জেসমিন স্থানীয় ছোনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। আর রাজীব জয়দেবপুরের ছয়দানা আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ওই দুই শিশুর বাল্যবিবাহের জন্য ইটালি গ্রামে কনের বাড়িতে গতকাল সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। জুমার নামাজের পরেই শুরু হতো বিবাহ নিবন্ধনের আনুষ্ঠানিকতা। বেলা দেড়টার দিকে বিয়েবাড়িতে ইউএনও এ কে এম সরোয়ার জাহান ও থানা-পুলিশ উপস্থিত হয়ে এই বাল্যবিবাহ বন্ধের নির্দেশ দেন। জোর করে বিয়ে দিলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হলে বন্ধ হয়ে যায় এই বাল্যবিবাহের সব কার্যক্রম। বেলা সাড়ে তিনটার দিকে ইউএনওর উপস্থিতিতে বর, বরের অভিভাবকেরাসহ বরযাত্রীরা বাড়ি ফিরে যান।
ছোনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল্লাল হোসেন জানান, গোপনে উভয় পরিবারের অভিভাবকেরা এই বিয়ের আয়োজন করেছিলেন। বিয়ে বন্ধ হয়ে যাওয়ায় জেসমিন পুনরায় স্কুলে আসার সুযোগ পেল।
জেসমিনের মা শাপলা খাতুন জানান, তাঁর মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে ছেলেরা উত্ত্যক্ত করে। এ জন্যই তিনি মেয়ের বিয়ের আয়োজন করেন। মো. ইউনুছ খান জানান, ভালো সম্বন্ধ পাওয়ায় তিনি তাঁর ছেলের এই বিয়েতে রাজি হয়েছিলেন।
উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল জানান, ওই শিশুটির বিয়ের জন্য জন্মনিবন্ধন সনদ নেওয়ার জন্য মেয়ের অভিভাবকেরা তাঁর কাছে এসেছিলেন। তিনি জানার পর তা দেননি। শিশুটিকে বিয়ে না দেওয়ার জন্য তাঁদের পরামর্শ দিয়েছিলেন।
ইউএনও জানান, ওই দুই শিশুর অভিভাবকেরা তাঁর কাছে স্বীকার করেছেন, তাঁদের ছেলে-মেয়েদের বিয়ের বয়স হয়নি। দুই শিশুই স্কুলপড়ুয়া। মেয়ের চাচা ফরিদুল ইসলাম মেয়ের বিয়ের পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার দায়িত্ব নিয়েছেন।