শেরপুরে বন্য হাতির আক্রমণে নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া চান্দাপাড়া গ্রামে আজ বুধবার ভোরে বন্য হাতির আক্রমণে উমেছা বেওয়া (৪২) নামের এক নারী নিহত হয়েছেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে একদল বন্য হাতি কর্ণঝোড়া চান্দাপাড়া গ্রামে হামলা চালায়। গ্রামবাসী মশাল ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ হয়ে হাতির দলটিকে তাড়াতে যায়। এ সময় উমেছা হাতির তাড়া খেয়ে পার্শ্ববর্তী পাহাড়ের টিলায় ওঠেন। কিন্তু তাতেও রক্ষা হয়নি। হাতির দল সেখানেও তাঁকে তাড়া করে। এ সময় হাতির পায়ের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় এলাকাবাসী তাঁর লাশ উদ্ধার করেন।

শ্রীবরদীর সিঙ্গাবরুণা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু রায়হান বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নিহত উমেছা অতিদরিদ্র দিনমজুর বিধবা নারী। তাঁর দুই ছেলে ও তিন মেয়ে রয়েছেন। এর আগে বাবা সাইদুর ও আজ মাকে হারিয়ে তাঁর সন্তানেরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবা শারমিন জানান, সরকারি নিয়মানুযায়ী পরিবারটিকে অর্থসহায়তা দেওয়া হবে।

এক যুগ ধরে শেরপুরের ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়াঞ্চলে বন্য হাতির আক্রমণ অব্যাহত রয়েছে। হাতির আক্রমণে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছেন।