শেরপুরে বন্য হাতির আক্রমণে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের সীমান্তবর্তী পান বর গ্রামে আজ বৃহস্পতিবার রাতে বন্য হাতির আক্রমণে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কাংশা ইউনিয়নের পান বর গ্রামের মো. জহুরুল হক (৫০), ছুন্নত আলীর স্ত্রী অহিতন বেগম (৪৫) ও গুরুচরণ দুধনই গ্রামের আয়তুল্লাহ মুন্সির ছেলে মো. আব্দুল হাই (৩২)।

এ নিয়ে গত চার মাসে বন্য হাতির আক্রমণে শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তে নয়জন নিহত হলেন। সর্বশেষ গত সোমবার রাতে হাতির আক্রমণে পশ্চিম বাকাকুড়া গ্রামের বাঁশি রাম মারাক নিহত ও তাঁর ভাগনে রূপণ মারাক আহত হন।


কাংশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আনারউল্লাহ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে কাংশা ইউনিয়নের পান বর গ্রামে কয়েকটি বন্য হাতি পাহাড় থেকে নেমে পান বর গ্রামের লোকালয়ে আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই হাতির দলের পায়ে পিষ্ট হয়ে জহুরুল হক, অহিতন বেগম ও মো. আব্দুল হাই মারা যান। হাতির দলের তাণ্ডবে তিনজন নিহত হওয়া ছাড়াও কয়েকটি বসতঘর ও উঠতি আমন ধান নষ্ট হয়েছে।


হাতির আক্রমণে তিনজন নিহত হওয়ার কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা বলেন, এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।