শেরপুরে বন্য হাতির আক্রমণে বাবা নিহত, ছেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে মো. রুস্তম আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তাঁর ছেলে মো. নিয়ামত আলী (২৫)। আজ বুধবার ভোরে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গুরুচরণ দুধনই গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হাতির আক্রমণে চারটি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

আহত নিয়ামতকে আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রুস্তমকে আজ বিকেলে গুরুচরণ দুধনই গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে একদল বন্য হাতি ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে অবস্থান করছিল। এদের একটি দল আজ বুধবার ভোরে উপজেলার গুরুচরণ দুধনই গ্রামে হামলা চালায়। এ সময় হাতির দলটি ওই গ্রামের নূরুল ইসলাম, আবুল কাশেম ও সাইবালীর চারটি বাড়ি গুঁড়িয়ে দেয়। এলাকাবাসী হাতির দলটি তাড়াতে এগিয়ে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে বাবা রুস্তম আলী ঘটনাস্থলেই নিহত ও ছেলে নিয়ামত আলী গুরুতর আহত হন। পরে এলাকাবাসী নিয়ামতকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শন শেষে আজ বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করা হবে। এ ছাড়া হাতির দল তাড়াতে পাহাড়ি গ্রামবাসীর মধ্যে সার্চলাইট বিতরণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।