শেরপুরে বন্য হাতির আক্রমণে যুবক নিহত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গান্ধিগাঁও গ্রামে গতকাল শুক্রবার রাতে বন্য হাতির আক্রমণে চন্দ্র শেখর কোচ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি গজনী অবকাশ কেন্দ্রের একটি বেসরকারি প্রতিষ্ঠানে নৈশ প্রহরীর কাজ করতেন।
উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে একদল বন্য হাতি গান্ধিগাঁও গ্রামে ঢুকে পড়ে। চন্দ্র শেখরসহ একদল যুবক হাতির দলকে তাড়াতে যান। এ সময় হাতির আক্রমণে চন্দ্র শেখর গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান আজ শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে নিহত চন্দ্র শেখরের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব চন্দ্র বিশ্বাস বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।