শেরপুরে বন্য হাতির মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা গজনী সরিষাচালী গ্রাম থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। আজ সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুর ১২টার দিকে এলাকাবাসী গারো পাহাড়ের গজনী সরিষাচালী এলাকায় একটি বন্য হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঝিনাইগাতীর গজনী ফরেস্ট বিটের কর্মকর্তারা ওই গ্রামে গিয়ে হাতিটির মরদেহ উদ্ধার করেন। পরে ঝিনাইগাতী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকারের তত্ত্বাবধানে ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় হাতিটির মরদেহ সেখানে মাটিচাপা দেওয়া হয়।
ময়নাতদন্তকারী চিকিৎসক প্রাণিসম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকার প্রথম আলোকে বলেন, মৃত হাতিটির পিঠের মেরুদণ্ডের ডান পাশে তিন ইঞ্চি গভীর পুরোনো ক্ষতচিহ্ন ও ডান চোখে আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটি সীমান্তের ওপারে কোনোভাবে আঘাত পেয়েছিল। এরপর আহত অবস্থায় এটি বাংলাদেশ সীমানায় চলে আসে এবং গারো পাহাড়ের গজনী এলাকায় সেটির মৃত্যু হয়। হাতিটির বয়স প্রায় ৩০ বছর হবে বলে প্রাণিসম্পদ কর্মকর্তা জানান।
জেলা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।