শেরপুরে বন্য হাতির হামলায় কৃষক নিহত
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্য হাতির হামলায় ললেন মারাক (৫৫) নামের একজন কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে গারো পাহাড়ের ছোট গজনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ললেন উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী গ্রামের মৃত মনোহর মৃর ছেলে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে একদল বন্য হাতি ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী ও বড় গজনী গ্রামে অবস্থান করছিল। এদেরই একটি দল গতকাল রাত ১২টার দিকে ছোট গজনী এলাকায় হামলা করে। এ সময় প্রতিরোধ করতে গেলে একটি হাতি ললেন মারাককে পদপিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে এলাকাবাসীর সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা ললেনের লাশ উদ্ধার করেন।
বন বিভাগ তাওয়াকুচা বিটের বিট কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ললেন হাতির হামলা থেকে রক্ষার জন্য নিজের ধানখেত পাহারা দিচ্ছিলেন। এ সময় বন্য হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে তিনি মারা যান।
কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জহুরুল হক হাতির পায়ে পিষ্ট হয়ে ললেনের মারা যাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।