শেরপুরে বাস চাপায় নিহত ৪
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় যাত্রীবাহী বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। হতাহতরা সবাই অটোরিকশার আরোহী। আজ মঙ্গলবার রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন: সিএনজিচালিত অটোরিকশার চালক ফরিদ উদ্দিন (৪৫)। তাঁর বাড়ি উপজেলার চণ্ডীপুর গ্রামে। অপর নিহত তিন যাত্রী হলেন উপজেলার আমিনপুর গ্রামের ফিরোজ হোসেন (২৫), জহুরুল ইসলাম (৩২) ও নিজাম বগুড়া গ্রামের হবিবর রহমান (৪০)। এই দুর্ঘটনায় আহত আরমান হোসেনকে (২৫) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘোগা বটতলা এলাকায় ওই অটোরিকশাকে বগুড়া থেকে ঢাকাগামী একটি বাস চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই চারজন মারা যান।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, বাস চাপায় চারজন নিহত হয়েছেন। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।