শেরপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম আবদুল জলিল (৬৫)। বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে। দুর্ঘটনায় আহত একজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এবং আরও একজন ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁদের দুজনের পরিচয় জানা যায়নি।
হাসপাতাল এলাকার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশুতোষ মিত্রের ভাষ্য, নিহত দুজনের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ সরকারের ভাষ্য, চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী বর্ণালী পরিবহন নামে বাসটির সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর দুই গাড়ির চালক ও তাঁর সহকারীরা পালিয়ে যান। স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী তিন ব্যক্তি বলেন, ওই সময় দুটি গাড়িই বেপরোয়াভাবে চলছিল। গাড়ির চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার মুখে পড়েন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানজট চলে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের ভাষ্য, বাস ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।