শেরপুরে বাস ধর্মঘট চলছেই, যাত্রী দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে সড়ক পরিবহন শ্রমিকনেতাকে মারধর ও অবৈধভাবে অটোরিকশা চালানোর প্রতিবাদে দুই দিন ধরে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গত মঙ্গলবার থেকে এ ধর্মঘটের ডাক দেয়। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল শেরপুর শহরের খোয়ারপাড় মোড়ে বাস শ্রমিকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাচালকদের মধ্যে বাগিবতণ্ডা হয়। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেনকে অটোরিকশার চালকেরা মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে ওই দিন বাস শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দেন। পরে স্থানীয় প্রশাসন বিষয়টি ৩ মের মধ্যে মীমাংসার আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেন। কিন্তু বিষয়টি সমাধান না হওয়ায় তাঁরা গত মঙ্গলবার থেকে বাস চলাচল আবার বন্ধ করে দেন।জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন, শ্রমিক ইউনিয়নের নেতা শওকত হোসেনকে মারধর করায় বাস ধর্মঘট ডাকা হয়েছে। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অভিযোগ অস্বীকার করে জেলা অটোটেম্পোচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, এই রুটে বৈধভাবে তাদের যানবাহন চলাচল করছে। শেরপুরের জেলা প্রশাসক নাসিরুজ্জামান বলেন, বিষয়টি সমাধানের জন্য শেরপুরের সহকারী পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া আজ বৃহস্পতিবার এ বিষয়ে সড়ক পরিবহনের নেতাদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক হবে।