শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে আজ রোববার দুপুরে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ দুজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন সাতজন। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, সিএনজিচালক আবুল হোসেন (৪০) ও সিএনজির যাত্রী ঠান্ডু মিয়া (৪২। আবুল হোসেনের বাড়ি শেরপুর উপজেলার কেল্লা গ্রামে। ঠান্ডু মিয়ার বাড়ি একই উপজেলার ছোনকা গ্রামে।
শেরপুর থানার পুলিশ জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাকটি শেরপুর শহরের দিকে ও অটোরিকশাটি উপজেলার মহাসড়কের ছোনকা বাসস্ট্যান্ডে যাচ্ছিল। শেরপুরের কৃষ্ণপুর যমুনাপাড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে পৌঁছালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হয়ে সিএনজিচালকসহ দুজন মারা যান। আহত হন সিএনজির চার যাত্রী ও ট্রাকে থাকা তিন শ্রমিক। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন, নিহত ঠান্ডু মিয়ার স্ত্রী আঞ্জিলা খাতুন, জাহানারা খাতুন, আবদুর রশিদ, ফজন খাতুন, জহুরুল ইসলাম, মকবুল হোসেন ও নাজমা বেগম।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।