শেরপুরে বাসের ধাক্কায় নির্বাচন কর্মকর্তাসহ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে বাসের ধাক্কায় জেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান ও তাঁর অফিস সহকারী মো. আমিরুল ইসলাম আহত হয়েছেন।
গতকাল বুধবার সদর উপজেলার আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে আমিরুল ইসলামকে (৪০) শেরপুর ফরিদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোখলেছুর রহমান (৪৫) জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের একটি ভোটকেন্দ্র পরিদর্শন করার জন্য মোখলেছুর রহমান ও আমিরুল ইসলাম মোটরসাইকেলে সাতপাকিয়া গ্রামে যাচ্ছিলেন। কিন্তু তাঁরা শেরপুর-জামালপুর মহাসড়কের আমতলী মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কের ওপর ছিটকে পড়েন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আমিরুলকে ফরিদা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।