শেরপুরে বাড়িতে হামলা, ভাঙচুর, দুই নারী আহত
বগুড়ার শেরপুর উপজেলার বামিহাল গ্রামে গতকাল শুক্রবার একটি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন। স্থানীয় লোকজন ঘেরাও করে হামলাকারী পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী কয়েক ব্যক্তি তাঁদের অন্যায়ভাবে হয়রানি করছেন। গতকাল সকালে প্রতিবেশী রামমোহন সরকার ও রাজলক্ষ্মণ সরকার লোকজন দিয়ে তাঁদের বাড়ি যাওয়ার রাস্তার মাটি কেটে রাস্তাটি বন্ধ করে দেন। এ সময় তাঁরা বাধা দেন। প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁদের বাড়িঘরে হামলা চালিয়ে রেজিয়া বেগম (৫০) ও তাঁর ছেলের বউ হাসনা হেনাকে (৩৫) মারধর করে এবং লুটপাট ও ভাঙচুর চালায়। পরে রেজিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলার সময় প্রতিপক্ষের লোকজন নগদ টাকা, সাত ভরি স্বর্ণালংকার লুট ও প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ভাঙচুর করে।
এ ঘটনায় এলাকার লোকজন ওই গ্রামের চৈতন্য সরকার, নিত্যরঞ্জন সরকার, রথীন্দ্রনাথ সরকার, করিমপুর গ্রামের সঞ্জয় সরকার ও উদগ্রামের অনিমেশ চন্দ্র সরকারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রামমোহন ও রাজলক্ষ্মণ সরকার বলেন, তাঁরা যে স্থানে মাটি কেটেছেন সেটা তাঁদের ব্যক্তিগত সম্পত্তি। তবে ওই বাড়িতে হামলা চালিয়ে নারীদের মারধর এবং লুটপাট ও ভাঙচুরের অভিযোগ তাঁরা অস্বীকার করেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা প্রথম আলোকে জানান, স্থানীয় লোকজনই ওই পাঁচ হামলাকারীকে আটক করেছে।