শেরপুরে বিএনপি ও যুবলীগের সমঝোতা
বগুড়ার শেরপুর উপজেলা শহরের ধুনট রোড মোড় এলাকায় বুধবার সমঝোতার ভিত্তিতে একই সময়ের পরিবর্তে আলাদা সময়ে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ দলীয় কর্মসূচি পালন করেছে। উপজেলা বিএনপি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং যুবলীগ মানবতাবিরোধী অপরাধের বিচারকার্য বাধাগ্রস্ত করতে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করেছে।জানা গেছে, উভয় সংগঠন বিকেল তিনটায় ধুনট রোড মোড়ে কর্মসূচি পালনের বিষয়ে একদিন আগে শহর ও শহরতলি এলাকায় মাইকযোগে প্রচার চালায়। এ নিয়ে শহরবাসীর মধ্যে সহিংসতা ঘটার আশঙ্কা সৃষ্টি হয়। এ জন্য ওই দিন দুপুরের পর থেকে রাত আটটা পর্যন্ত সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকে। পরে পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় উভয় পক্ষ একই সময়ের পরিবর্তে পালাক্রমে জনসভা করতে সম্মত হয়।সরেজমিনে দেখা যায়, ওই সড়কের দক্ষিণ পাশে বিএনপির জনসভা মঞ্চ থেকে ২০০ গজ দূরে যুবলীগের মঞ্চ তৈরি করা হয়েছে। প্রথমে বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত যুবলীগ এবং পরে বিএনপি তাঁদের কর্মসূচি পালন করে। চলে রাত সাতটা পর্যন্ত। থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, উভয় সংগঠনের নেতাদের ঐকমত্যে আনতে পারায় সংঘর্ষের আশঙ্কা দূর হয়েছে।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘আমরা সংঘাতের রাজনীতি পছন্দ করি না। কে আগে, কে পরে কর্মসূচি পালন করবে এটা বড় কিছু না।’ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম জানান, তাঁরা গণতন্ত্রে বিশ্বাসী। এ জন্য অন্য দলের কর্মসূচিতে কোনো বাধা দেননি।