শেরপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন
শেরপুরের নকলা উপজেলা সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে করা মামলায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। শেরপুরের দ্রুত বিচার আদালতের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান গতকাল রোববার অভিযোগ গঠনের নির্দেশ দেন।অভিযোগ গঠনের সময় রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) রতন কুমার সরকার আদালতে বলেন, অভিযোগপত্রভুক্ত ৪৩ জন আসামি গত ২০ নভেম্বর রাতে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে আতঙ্ক সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে আসামি পক্ষের আইনজীবী এ কে এম ছাইফুল ইসলাম ও আবদুল মজিদ বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে।আদালত উভয়পক্ষের বক্তব্য শেষে অভিযোগ গঠনের আদেশ দেন এবং ১৪ জানুয়ারি সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন। আদালতের আদেশের পর আসামি পক্ষের আইনজীবী বলেন, অভিযোগ খারিজের জন্য তাঁরা উচ্চ আদালতে যাবেন। অভিযোগ গঠনকালে মামলায় অভিযোগপত্রভুক্ত ৪৩ জন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। সবাই বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।প্রসঙ্গত, গত ২০ নভেম্বর রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির দুই পক্ষের বিরোধ মীমাংসায় নকলা উপজেলা সদরে জাতীয় সংসদের সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর বাড়িতে সমঝোতা বৈঠকের কথা ছিল। ওই রাতেই নকলা থানার পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে বিএনপির ২৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। পরে নকলা থানার উপপরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান ৪৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।