শেরপুরে বিএনপি কর্মীদের হয়রানি মৌলভীবাজারে শঙ্কা
শেরপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট ও কর্মীদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিএনপির মেয়র পদপ্রার্থী শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।
এদিকে দলীয় নেতা-কর্মীদের হয়রানি ও পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর অভিযোগ তুলে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কার কথা প্রকাশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই আশঙ্কার কথা জানায়।
সংবাদ সম্মেলনে শেরপুর পৌরসভার বিএনপির মেয়র পদপ্রার্থী আবদুর রাজ্জাক ওরফে আশীষ বলেন, আগামীকাল বুধবার (আজ) অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপির নিশ্চিত জয় ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশ সরকারি দলের পক্ষে কাজ করছে। এর অংশ হিসেবে এখানে পুলিশ গত সোমবার রাতে বিএনপির ১১ জন নির্বাচনী এজেন্টকে গ্রেপ্তার করেছে।
শেরপুরের পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম বলেন, নির্বাচনে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। কোনো প্রার্থীর পক্ষে পুলিশের কাজ করার প্রশ্নই আসে না।
বিএনপির প্রার্থী আবদুর রাজ্জাক আরও বলেন, জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও শেরপুর-১ (সদর) আসনের সাংসদ আতিউর রহমান ও সংরক্ষিত নারী আসনের সাংসদ ফাতেমাতুজ্জোহরা শ্যামলী আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করার জন্য আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় অবস্থান করছেন। তাঁরা প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল বলেন, পরাজয় জেনে বিএনপির প্রার্থী হুইপ ও স্থানীয় সাংসদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আতিউর রহমান ও ফাতেমাতুজ্জোহরা এখানকার ভোটার। ভোট দেওয়ার জন্য তাঁরা অবস্থান করছেন। প্রভাব বিস্তার বা নির্বাচনী কাজের সঙ্গে তাঁরা সংশ্লিষ্ট নন।
গতকাল মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। লিখিত বক্তব্যে বলা হয়, দলের (আওয়ামী লীগের) কেন্দ্রীয় কমান্ডের নির্দেশে স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা কারচুপির পরিকল্পনা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছেন। এর অংশ হিসেবে গতকাল (গত সোমবার) বিকেলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বিএনপির সক্রিয় কর্মী যুবদলের নেতা নুরুল আলম নোমানকে দা দিয়ে কুপিয়ে তাঁকে মৌলভীবাজার থানায় সোপর্দ করেন। তাঁরা একই রকম ঘটনা ঘটিয়েছেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফয়সল আহমদ ও মারুফ আহমদের বেলাতেও। এভাবে পুলিশ গতকাল পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এ কারণে তাঁদের মনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী, মৌলভীবাজার পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী অলিউর রহমান প্রমুখ।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ ও ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বলেন, ‘যারা এ রকম ঘটনা ঘটিয়েছে তারা আমাদের কেউ নয়।’
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালেক বলেন, আগের মামলা ও সন্দেহজনক চলাফেরার কারণে বিএনপির কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।