শেরপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বগুড়ার শেরপুরে গত বৃহস্পতিবার বিকেলে বিএনপির এক পক্ষের কার্যালয় ভাঙচুর ও একজন নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নানের দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা বিএনপির উপদেষ্টা জানে আলমের ভাই বাপ্পির নেতৃত্বে ফরহাদ, পিটুসহ ১৫ থেকে ২০ জন লোক ধুনট রোডে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও শাটার ভাঙচুর করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম অভিযোগ করেন, হামলাকারীরা দলীয় কার্যালয়ে ভাঙচুরের পর তাঁর বাড়িতেও হামলা চালান।দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ধুনট রোডে বিএনপির এক পক্ষের কার্যালয়ে এক সভায় শহিদুল ইসলাম ও থানা বিএনপির সভাপতি আবদুল মান্নান উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের কর্মকাণ্ড নিয়ে কটাক্ষ করেন এবং তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করেন।বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে অপর পক্ষ বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। এতে ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী লিখিত বক্তব্যে ওই ঘোষণার প্রতিবাদ জানান। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, শহর বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহ আলমসহ ওই ১০ ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকেরা উপস্থিত ছিলেন।শহিদুল ইসলাম অবশ্য দাবি করেছেন, তিনি কাউকে অবাঞ্ছিত ঘোষণা করে কোনো বক্তব্য দেননি। এ প্রসঙ্গে আরিফুর রহমান বলেন, এই হামলার ঘটনায় তাঁদের পক্ষের কেউ জড়িত নন। আবদুল মান্নান ও শহিদুল ইসলামের কথায় ইউনিয়ন পর্যায়ের নেতারা ক্ষুব্ধ হয়ে ওঠায় তাঁরা এই হামলা করতে পারেন।এ ব্যাপারে জানে আলম বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় আমার ভাই জড়িত নয়।