শেরপুরে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ১৩ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবদুর রাজ্জাক ওরফে আশীষের বিরুদ্ধে ১৩টি ফৌজদারি মামলা রয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া তাঁর হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে। অন্যদিকে, আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা নেই বলে তাঁর হলফনামায় উল্লেখ করা হয়েছে।
তবে বিএনপির প্রার্থী আবদুর রাজ্জাক প্রথম আলোর কাছে দাবি করেছেন, তিনি এসব মামলায় উল্লেখ করা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। মূলত রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই তাঁর বিরুদ্ধে এতগুলো মামলা হয়েছে।
আবদুর রাজ্জাকের হলফনামা সূত্রে জানা গেছে, শুধু ২০১৩ সালেই আবদুর রাজ্জাকের বিরুদ্ধে শেরপুর সদর থানায় ১৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে বিস্ফোরকদ্রব্য আইনে তিনটি, দ্রুত বিচার আইনে চারটি, সন্ত্রাসবিরোধী আইনে একটি এবং বিভিন্ন ধারায় আরও পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। সদর থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা এসব মামলার বাদী। দায়ের করা মামলার মধ্যে শেরপুরের বিশেষ ট্রাইব্যুনালে তিনটি, সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে একটি, দ্রুত বিচার বিশেষ আদালতে একটি এবং আমলি আদালতে তিনটি মামলা বিচারাধীন। অন্য পাঁচটি মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে।
এসব মামলার বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপির মেয়র পদপ্রার্থী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলন চলাকালে বিএনপির নেতা-কর্মীদের হয়রানির উদ্দেশ্যেই পুলিশ এসব মিথ্যা মামলা দায়ের করে। তিনি শুধু একা নন, জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর সহস্রাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ শতাধিক মামলা দায়ের করে। এসব মামলায় আসামি হয়ে দীর্ঘদিন দলের নেতা-কর্মীরা পলাতক থেকেছেন। অনেকে গ্রেপ্তার হয়ে দীর্ঘ সময় কারাগারে আটক ছিলেন।
আবদুর রাজ্জাক প্রথম আলোকে এখনো মামলার আসামিভুক্ত নেতা-কর্মীদের নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দিতে হচ্ছে। তিনি (আবদুর রাজ্জাক) নিজেও মাসে দুই থেকে তিন দিন হাজিরা দেওয়ার জন্য আদালতে যান।
অন্যদিকে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান মেয়র মো. হুমায়ুন কবীর হলফনামায় উল্লেখ করেছেন, তাঁর বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা চলমান ও বিচারাধীন আছে। তবে মামলার নম্বর ও ধারা তাঁর জানা নেই বলে তিনি উল্লেখ করেছেন।
অবশ্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে তাঁরা হলফনামায় উল্লেখ করেছেন।