শেরপুরে বিএমএর নেতাদের হাতে সিভিল সার্জন লাঞ্ছিত!
চিকিত্সা ও অস্ত্রোপচারের সরঞ্জাম (মেডিকেল ও সার্জারির সামগ্রী—এমএসআর) কেনার দরপত্র কমিটিতে না রাখায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) শেরপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক গত বুধবার সিভিল সার্জনকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিএমএর সভাপতি অভিযোগ অস্বীকার করেছেন।সিভিল সার্জন মো. মাঈন উদ্দিন মিঞা বলেন, বুধবার সকালে বিএমএ শেরপুর শাখার সভাপতি ও স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) শেরপুর শাখার আহ্বায়ক এম এ বারেক এবং সাধারণ সম্পাদক ও ইউএইচএফপিও কার্যালয়ের (হরচন্দ্র হাসপাতাল) চিকিত্সা কর্মকর্তা মিন্টু চন্দ্র পাল হঠাত্ তাঁর কার্যালয়ে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। এ সময় তাঁরা এমএসআর-সামগ্রী কেনার দরপত্র কমিটিতে কেন তাঁদের রাখা হয়নি, তা জানতে চান। তিনি তাঁদের জানান, সরকারি ক্রয় নীতিমালা অনুযায়ী দরপত্র কমিটিতে নির্ধারিত কর্মকর্তা ছাড়া অন্য কাউকে রাখার সুযোগ নেই। এ কথা বলার সঙ্গে সঙ্গেই ওই দুই চিকিত্সক নেতা উত্তেজিত হয়ে তাঁকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তাঁরা সিভিল সার্জনের কক্ষের কম্পিউটার, চেয়ার ও কাপ-পিরিচ ভাঙচুর করেন। সিভিল সার্জন বলেন, এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে। এম এ বারেক অভিযোগ অস্বীকার করে বলেন, সিভিল সার্জন মাঈন উদ্দিন মিঞা শেরপুরে যোগদানের পর থেকেই স্বাস্থ্য বিভাগ বা হাসপাতালের ক্রয়-বিক্রয়সংক্রান্ত কোনো বিষয়ে বিএমএকে জানান না। এ নিয়ে সিভিল সার্জনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। তবে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত বা তাঁর কার্যালয়ের কোনো কিছু ভাঙচুর করেননি তিনি। মিন্টু চন্দ্র পালও অভিযোগ অস্বীকার করেছেন।এদিকে সিভিল সার্জনকে লাঞ্ছিত করার প্রতিবাদে সিভিল সার্জনের কার্যালয়, সদর হাসপাতাল এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারীরা ঘটনার পরই শহরে মিছিল করেন। জেলা সদর হাসপাতালসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। পরে বিকেলে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সিভিল সার্জনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সিভিল সার্জনের কার্যালয়ের চিকিত্সা কর্মকর্তা মো. সেলিম মিঞা বলেন, বিএমএর ওই দুই নেতাকে গ্রেপ্তার না করা পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে এক ঘণ্টা জেলার সব হাসপাতালে প্রতীকী কর্মবিরতি পালন করা হবে। তবে হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম চালু থাকবে। এ ঘটনার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন।