শেরপুরে বিদুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু
বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের বাগানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।মারা যাওয়া দুজন হলেন শেরপুর উপজেলা শহরের বাগানবাড়ী এলাকার মাহবুবুল আলম পাশা (২৮) ও তাঁর স্ত্রী শারমিন আক্তার (২৫)। মাহবুবুল স্থানীয় বাসস্ট্যান্ড এলাকার ওষুধ ব্যবসায়ী ও তাঁর স্ত্রী গৃহিণী। তাঁদের আয়শা নামে পাঁচ মাসের এক কন্যাশিশু আছে। সরেজমিনে গেলে জানা যায়, গতকাল বিকেল চারটায় বৃষ্টি হওয়ায় বাড়ির সামনের সড়কে বিদ্যুতের খুঁটি থেকে ওই বাড়িতে সংযোগ নেওয়া বৈদ্যুতিক তার বিদ্যুতায়িত হয়ে যায়। এটি বাড়ির লোকজনের নজরে আসেনি। মাহবুবুল গোসল শেষে লুঙ্গি শুকাতে দিতে যান ওই তারে। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনা দেখে স্ত্রী শারমিন তাঁকে বাঁচানোর জন্য জড়িয়ে ধরেন। এতে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে ওই এলাকায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে মাহবুবুল ও শারমিনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।