শেরপুরে বিদ্যুতের গ্রিড উপকেন্দ্র স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ বছর আগে শেরপুর জেলা হিসেবে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত জেলায় বিদ্যুতের গ্রিড উপকেন্দ্র স্থাপন করা হয়নি। জেলায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রিত হয় জামালপুর থেকে। জেলার নিজস্ব গ্রিড উপকেন্দ্র না থাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে কল-কারখানায় উৎপাদন, সেচ কার্যক্রম ব্যাহত এবং আবাসিক গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। জেলা প্রশাসন ও বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুরে গ্রিড উপকেন্দ্র না থাকায় এ জেলার বিদ্যুৎ সরবরাহ জামালপুরের ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয়। ওই গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) শেরপুর সরবরাহ কেন্দ্র এবং পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কুসুমহাটি সরবরাহ কেন্দ্রে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ করার কথা। শেরপুরে বিউবোর ২৮ হাজার এবং পবিসের ৫০ হাজার গ্রাহক রয়েছেন। জেলায় বিদ্যুতের চাহিদা ৪২ মেগাওয়াট। কিন্তু বর্তমানে জামালপুর গ্রিড উপকেন্দ্র থেকে এখানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে ১৪ থেকে ১৮ মেগাওয়াট। কিন্তু শেরপুরে ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন করা হলে আশুগঞ্জের জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরাসরি শেরপুরে সরবরাহ করা হবে। তখন গ্রাহকদের ভোগান্তি কমবে। শেরপুর জেলা চালকল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম বলেন, জেলার চালকলগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে শেরপুরে বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র স্থাপন করা একান্ত প্রয়োজন। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও শেরপুর বিতরণ বিভাগের একজন প্রকৌশলী জানান, ৩৩ কেভি লাইনে আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে স্থাপনের কারণে মাঝেমধ্যেই ‘লাইন ট্রিপ’ করায় শেরপুরে ঘন ঘন বিদ্যুিবভ্রাট ঘটে। শেরপুরে গ্রিড উপকেন্দ্র স্থাপন করা হলে এ সমস্যাগুলো দূর হবে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও শেরপুর বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আবদুল্ল্লাহ বলেন, শেরপুরে গ্রিড উপকেন্দ্র স্থাপনের ব্যাপারে তিনি ইতিমধ্যে বিউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠিয়েছেন বলে জানান। জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান বলেন, শেরপুরে ৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র স্থাপনের ব্যাপারে তিনি প্রায় এক বছর আগে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।