শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের নন্দতেঘরী গ্রামে পল্লী বিদ্যুতের সঞ্চালন তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। তবে রাত আটটা পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বুধবার মাইকে প্রচার করা হয় সঞ্চালন লাইনে কাজ করার জন্য বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইউনিয়নে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকবে। গতকাল বেলা ১২টার দিকে নন্দতেঘরী গ্রামে চারজন শ্রমিক বিদ্যুতের খুঁটিতে নতুন তার সংযোগের কাজ শুরু করেন। এদের মধ্যে একজন তারের ওপর বসে কাজ করছিলেন। একজন বৈদ্যুতিক খুঁটির ওপরে এবং অপর দুজন নিচে ছিলেন।
হাফিজুর রহমান নামের গ্রামের এক বাসিন্দা জানান, নির্দিষ্ট সময়ের আগেই আকস্মিক বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। এ কারণে দুপুর সাড়ে ১২টা থেকে দুইটার মধ্যে ওই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ওই শ্রমিক বিদ্যুতের তারেই ঝুলে ছিলেন।
এ ব্যাপারে শেরপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মাশফিকুল হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি।