শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু
বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। গত বুধবার বেলা দুইটায় উপজেলার বিশালপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন সিরাজনগর গ্রামের উজ্জ্বল সরকার (২৮), তাঁর স্ত্রী সাবিত্রী সরকার (২২) ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খোদবাড়ী গ্রামের সুখী মাহাতো (২৬)।
সিরাজনগর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য দ্রতিরাম মণ্ডল জানান, উজ্জ্বল সরকারের বাড়ির আঙিনায় নলকূপ বসাচ্ছিলেন সুখী মাহাতোসহ তিনজন। প্রায় ৮০ ফুট লম্বা স্টিলের পাইপ মাটির নিচে বসানোর সময় বাড়ির ওপর দিয়ে টানানো পল্লী বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এ সময় সুখী মাহাতো বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করতে এসে উজ্জ্বল সরকার ও তাঁর স্ত্রী সাবিত্রী সরকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন তিনজন।
থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।