শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার দুধনই তালতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এই দুজন হলেন ঝিনাইগাতীর দুধনই তালতলা গ্রামের মো. তালেব উদ্দিন (৭০) ও মো. আবদুল খালেক (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে কৃষক তালেব ও খালেক তাঁদের বর্গা জমিতে রোপা আমন ধান আবাদের জন্য দুধনই তালতলা গ্রামের খেতে যান। খেতের ওপর তারসহ বাঁশের বিদ্যুতের খুঁটি পড়ে ছিল। ট্রাক্টর দিয়ে জমিটি আবাদের জন্য প্রস্তুত করা হচ্ছিল। আবাদের সুবিধার্থে কৃষক তালেব ও খালেক অন্য একটি বাঁশ দিয়ে বিদ্যুতের খুঁটির তারটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাঁদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মফিদুল ইসলাম তাঁদের মৃত ঘোষণা করেন।

এলাকার কয়েকজন অভিযোগ করলেন, কয়েক দিন ধরে বাঁশের খুঁটিতে থাকা বিদ্যুতের তারটি খেতের ওপর পড়ে থাকলেও বিদ্যুৎ বিভাগের কেউ তা সরিয়ে নেয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঝিনাইগাতীর আবাসিক প্রকৌশলী মো. রুকুনুজ্জামান বলেন, এ ব্যাপারে কেউ তাঁকে কিছু জানায়নি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।