শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পশ্চিম কুমরী গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাঁদের শিশুপুত্র আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন পশ্চিম কুমরী গ্রামের মো. আবদুল করিম (৪৮) ও মোছা. মরিয়ম বেগম (৩৫)।এ ঘটনায় গুরুতর আহত মো. জসিম (৩) বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনা ঘটেছে ৩০ আগস্ট ভোর পাঁচটার দিকে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ আগস্ট ভোরে সেহির খেয়ে আবদুল করিম মাছ ধরার জন্য বাড়ির অদূরে একটি ডোবায় যান। এ সময় ওই ডোবার পানিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের একটি অবৈধ সংযোগের তারে আকস্মিকভাবে তিনি জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাছ ধরতে গিয়ে দীর্ঘক্ষণ পরও স্বামী বাড়িতে ফিরে না আসায় উদ্বিগ্ন স্ত্রী মরিয়ম বেগম শিশুপুত্রসহ ওই ডোবার কাছে গিয়ে স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি স্বামীকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এবং শিশু জসিম গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।