শেরপুরে বিপ্লবী রবি নিয়োগীর মহাপ্রয়াণ দিবসের আলোচনা
‘বিপ্লবী রবি নিয়োগীর মতো মহামানব, মহানায়কের কখনো মৃত্যু হয় না। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ। আমৃত্যু নির্লোভ এই মানুষটি নিজের জন্য কিছুই করেননি। তিনি দেশ ও দেশের মানুষকে শুধু দিয়েই গেছেন। জীবনের ৩৮ বছর জেল খেটেছেন, তিনি কখনো কারও রক্তচক্ষুর কাছে মাথা নোয়াননি। তিনি ছিলেন এক মহামানব। তাই মানুষের ভালোবাসায় তিনি সব সময় জাগরূক থাকবেন।’ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড রবি নিয়োগীর নবম মহাপ্রয়াণ দিবস পালন উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও গবেষক সুধাময় দাস। এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রবীণ রাজনীতিক পংকজ ভট্টাচার্য এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো।