শেরপুরে বেসরকারি ক্লিনিকের সেবিকার অস্বাভাবিক মৃত্যু
শেরপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকের সেবিকা সুলতানা রাজিয়ার (২৩) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুলতানা রাজিয়ার বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামে। সুলতানা তিন মাস আগে শেরপুর শহরের লোপা নার্সিং হোমে সেবিকার চাকরি নেন। এর পর থেকে তিনি ওই ক্লিনিকের দোতলার একটি কক্ষে থাকতেন। আড়াই মাস আগে একই গ্রামের আমিনুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। গত বৃহস্পতিবার আমিনুল তাঁর স্ত্রীর কক্ষে ছিলেন।লোপা নার্সিং হোমের পরিচালক নার্গিস বেগম গতকাল শনিবার প্রথম আলোকে জানান, নিচতলায় রোগীদের দেখাশোনা শেষে গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে সুলতানা তাঁর কক্ষে যান। রাত একটার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় সুলতানার স্বামী ও অন্যরা তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত আড়াইটার দিকে সুলতানার মৃত্যু হয়। পরিচালক বলেন, স্বামী-স্ত্রীর মনোমালিন্যের জের ধরে সুলতানা ওই রাতে হয়তো অতিরিক্ত ঘুমের বড়ি খেয়েছিলেন। তিনি আরও বলেন, সুলতানার লেখা একটি চিরকুট ক্লিনিকের অভ্যর্থনাকক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। চিরকুটটি সদর থানার পুলিশকে দেওয়া হয়েছে।শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে সুলতানাকে ভর্তির কারণ হিসেবে উল্লেখ করা হয় অতিরিক্ত ওষুধ সেবন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চন্দন চক্রবর্তী গতকাল বিকেলে জানিয়েছেন, সুলতানার ডান হাতের একটি স্থানে ইনজেকশন পুশ করার চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ভিসেরা পরীক্ষার জন্য সুলতানার শরীরের বিভিন্ন অংশ সংগ্রহ করা হয়েছে।শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। চিরকুটটি সুলতানার হাতের লেখা কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তাঁর মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।