শেরপুরে বেড়েছে চুরি পুলিশি টহলও ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌর শহরে চুরি বেড়ে গেছে। পুলিশের নিয়মিত টহলও এই চুরি ঠেকাতে পারছে না। থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো লাভ হচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তবে পুলিশ বলছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা চুরির সঙ্গে কারা জড়িত, তা সন্দেহ করতে না পারায় তাঁদের লিখিত অভিযোগ তদন্তাধীনই থেকে যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দিনে-রাতে মিলিয়ে সাতটি বাড়িতে চুরি হয়েছে। এর মধ্যে স্থানীয় এক সাংবাদিক, সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী ও শেরপুর পৌর মেয়র স্বাধীন কুমার কুণ্ডুর ভাইয়ের বাড়িও রয়েছে।
শেরপুর পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেঞ্চদ বলেন, গত বছর ১৫টি বাড়িতে বড় ধরনের চুরি হয়। এসব চুরির ঘটনায় খোয়া যাওয়া কোনো মালামাল উদ্ধার হয়নি। ইদানীং চুরি আরও বেড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে লোকজন।
শহরের গোসাইপাড়ার ব্যবসায়ী ধীমান ঘোষ জানান, ৩ ফেব্রুয়ারি দুপুরে তাঁর বাড়িতে চুরি হয়। এ সময় বাড়িতে কেউ ছিল না। চোরেরা ঘরের দরজা ও স্টিলের আলমারি ভেঙে ৪২ হাজার টাকাসহ এক লাখ ২৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে। ওই দিনই তিনি পুলিশের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। পুলিশ এসে তাঁর বাড়ি দেখেও যায়। কিন্তু গতকাল রোববার পর্যন্ত অভিযোগটি এজাহার হিসেবে নেয়নি পুলিশ।
পৌর মেয়রের বড় ভাই নবীন কুণ্ডু বলেন, গত মঙ্গল ও বৃহস্পতিবার রাতে দুই দফায় তাঁদের বাড়িতে চুরি হয়। চোরেরা প্রায় ২০ হাজার টাকার জিনিস নিয়ে যায়। থানায় অভিযোগ দিয়েও কোনো লাভ না হওয়ায় এবার আর পুলিশকে জানাননি বলে নবীন কুণ্ডু জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, অনেক সময় চুরিতে ক্ষতিগ্রস্ত পরিবার থানায় সাধারণ ডায়েরি করতে চান। এ জন্য সেগুলো আর এজাহার হিসেবে নেওয়া হয় না। তবে চুরি প্রতিরোধে তিনি পুলিশি টহল আরও জোরদার করার পদক্ষেপ নেবেন বলে জানান।
থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, অনেক সময় চুরির সঙ্গে কারা জড়িত, সে সম্পর্কে বাদী কিছু জানাতে না পারায় তাঁদের লিখিত অভিযোগ তদন্তাধীন হিসেবেই থেকে যায়।