শেরপুরে ব্যবসায় স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞায় বগুড়ার শেরপুর শহরের বাজারগুলোতে কেনাবেচায় স্থবিরতা দেখা দিয়েছে। আর্থিকভাবে সংকটের মুখে পড়েছেন কমপক্ষে দুই হাজার ছোট-বড় ব্যবসায়ী।
স্থানীয় ব্যবসায়ী সংগঠনের দাবি, মানুষ ও মালামাল পরিবহনে তিন চাকার যানবাহনের বিপরীতে বিকল্প গাড়ি সড়কে না আসায় ব্যবসায়ীরা পাঁচ দিন ধরে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। প্রতিদিন প্রায় এক কোটি টাকা করে কেনাবেচা কমে গেছে।
গতকাল বুধবার শহরের সকাল ও বৈকাল বাজারে গিয়ে দেখা গেছে, বাজারে আমদানি কমে যাওয়ায় মাছ, ডিম, দুধ ও সবজির দাম বেড়েছে। এসব বাজারের পাঁচজন বিক্রেতা বলেন, তিন চাকার যানবাহনে করে গ্রাম থেকে উপজেলার মহাসড়কের ওপর দিয়ে এসব পণ্য শহরের বাজারে আসে। কিন্তু এসব পরিবহন চলাচলে নিষেধাজ্ঞার কারণে পণ্য নিয়ে বাজারে ঢুকতে না পারায় আমদানি কমে গেছে। ফলে বাজারে এসব পণ্যের দাম বেড়েছে।
স্থানীয় বাসস্ট্যান্ড এলাকার ফল ব্যবসায়ী মোকলেছার রহমান বলেন, প্রতিদিন বগুড়ার ধুনট ও নন্দীগ্রাম এবং সিরাজগঞ্জের কাজীপুর ও তাড়াশ উপজেলার মানুষ সিএনজিচালিত অটোরিকশায় চড়ে শেরপুরে বাজারে এসে কেনাকাটা করে থাকে। অটোরিকশায় মানুষজনের আসা-যাওয়া কমে যাওয়ায় তাঁর কেনাবেচায় স্থবিরতা দেখা দিয়েছে। তিনি প্রতিদিন যেখানে ১৮-২০ হাজার টাকা বিক্রি করতেন, পাঁচ দিন ধরে এখন তা নেমে এসেছে পাঁচ হাজার টাকায়। আরেক ব্যবসায়ী বৈকালী দই মিষ্টি ঘরের মালিক পার্থ সাহা বলেন, তাঁর প্রতিদিন বিক্রি কমেছে ২০ হাজার টাকা।
মহাসড়কের পাশে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকার পাইকারি মুদির দোকান মালিক সুমির সরকার বলেন, ধুনট, নন্দীগ্রাম, কাজীপুর ও তাড়াশ উপজেলার ব্যবসায়ীরা প্রতিদিন তিন চাকার গাড়ি করে তাঁর দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রির জন্য কেনাকাটা করে থাকেন। তিন চাকার বিকল্প হিসেবে গাড়ি মহাসড়কে না থাকায় ওই সব ব্যবসায়ী কেনাকাটার জন্য আসতেও পারছেন না। এতে প্রতিদিন তিনি ব্যবসায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
উপজেলা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, স্থানীয় বেশির ভাগ ব্যবসায়ী ঋণে টাকা নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শেরপুর শহরের মহাসড়কের পাশে এসব ব্যবসাপ্রতিষ্ঠানে প্রতিদিন ধুনট, নন্দীগ্রাম, কাজীপুর ও তাড়াশ উপজেলার লোকজন তিন চাকার গাড়িতে করে এসে কেনাকাটা করে কৃষিপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে যান। কিন্তু মহাসড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারির পর এসব গাড়ির বিকল্প হিসেবে সড়কে কোনো গাড়ি না আসায় প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠানে কেনাকাটায় স্থবিরতা দেখা দিয়েছে। আর্থিকভাবে তাঁদের প্রতিদিন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ফলে শেরপুরে প্রতিদিন এক কোটি টাকা করে কেনাবেচা কমে গেছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, তিন চাকাবিশিষ্ট কোনো গাড়ি মহাসড়কে চলাচলের সুযোগ নেই। অবশ্য এসব ছোট গাড়িতে করে মানুষ ও মালামাল পরিবহন নিয়ে যে দুর্ভোগ বেড়েছে, তা তিনি স্বীকার করেন।