শেরপুরে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট

ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে অযৌক্তিক জরিমানা ও অসদাচরণের অভিযোগ এনে এর প্রতিবাদে শেরপুরে আধাবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া জেলা শহরের সব দোকানপাট বন্ধ ছিল। এতে শহরে কেনাকাটা করতে আসা মানুষ ভোগান্তিতে পড়েন।
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডাকে আধাবেলা ধর্মঘট পালিত হয়।
চেম্বার সভাপতি মো. মাসুদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিমরা ব্যবসায়ীদের ওপর অযৌক্তিকভাবে জরিমানা ধার্য করছেন। সেই সঙ্গে অনেক হাকিম ব্যবসায়ীদের সঙ্গে অসদাচরণও করে থাকেন। এর প্রতিবাদে তাঁরা ধর্মঘট পালন করছেন। তিনি বলেন, ‘আমরা ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে না। কিন্তু যেসব হাকিম আদালতের দায়িত্ব পালন করেন, তাঁরা যেন সংশ্লিষ্ট ব্যবসায়ীর আর্থিক অবস্থা বিবেচনা করে জরিমানা ধার্য করেন।’
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ টি এম জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভোক্তার অধিকার সংরক্ষণ ও ব্যবসায়ীদের সরকারি নিয়ম পালনে সচেতনতা সৃষ্টির জন্যই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনাকালে চেম্বার প্রতিনিধিও সঙ্গে থাকেন। কিন্তু দেখা যায়, একই ব্যবসা প্রতিষ্ঠানে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সত্ত্বেও সেই ব্যবসায়ীর সংশোধন হচ্ছে না। ফলে আদালতের নিয়মানুযায়ী জরিমানার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।’ বিষয়টি নিয়ে চেম্বার কর্তৃপক্ষের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানান।