শেরপুরে ব্যালট ছিনতাই কেন্দ্র বাতিল, গুলিবর্ষণ ১১ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে গতকাল শনিবার শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদসংলগ্ন সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হয়েছে। এর মধ্যে একটি ভোটকেন্দ্রের ব্যালট ছিনতাই ও একটি ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করেছে প্রার্থীদের সমর্থকেরা।ব্যালট পেপার ছিনতাই, গোলযোগ সৃষ্টি ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ। ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ঘটনায় চরশেরপুর ইউনিয়নের সাতানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে এক ইউপি সদস্য প্রার্থীর সমর্থকেরা চরশেরপুর সাতানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জোর করে প্রবেশ করে ব্যালট পেপারের চারটি বই ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। তারা ধাওয়া দিয়ে মকবুল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে তিনটি ব্যালট পেপার বই উদ্ধার করে। একটি বই খোয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী সাতজন পোলিং এজেন্টকে আটক করে। পরে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা উত্তম কুমার নন্দী ওই কেন্দ্র বাতিল করেন। বিকেল চারটার দিকে লছমনপুর ইউনিয়নের দীঘলদি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকেরা ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাতটি ফাঁকা গুলি ছোড়ে। গোলযোগ সৃষ্টি করায় চরশেরপুর ইউনিয়নের দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এবং বলাইয়েরচর ইউনিয়নের পাইকরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত ছিল। এ কেন্দ্র থেকে পুলিশ দুজনকে আটক করে। পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ ১৫টি ফাঁকা গুলি ছোড়ে।