শেরপুরে ভটভটি উল্টে নিহত ২
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশকেন্দ্রে শ্যালো ইঞ্জিনচালিত যান ভটভটি উল্টে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিয়াচণ্ডী গ্রামের মো. দেলোয়ার হোসেন ওরফে দুলাল (৪৫) ও আজাহার আলী (২৭)। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন রাসেল, শাহাবউদ্দিন, মাহাবুব, মাসুদ, আজাদ ও আবু রায়হান। তাঁদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার বাড়ি শ্রীবরদীর বালিয়াচণ্ডী গ্রামে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে শ্রীবরদীর বালিয়াচণ্ডী গ্রাম থেকে ভটভটিতে চড়ে ২০ জনের একটি দল গজনী অবকাশকেন্দ্রে বনভোজন করতে আসেন। ভটভটিটি অবকাশকেন্দ্রের হ্রদের সামনে মোড় নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ সময় ভটভটিটি উল্টে পাহাড়ের ঢালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন নিহত এবং আরও সাতজন আহত হন। এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজাহার আলীকে মৃত ঘোষণা করেন। অন্যদের দ্রুত শেরপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফছিহুর রহমান গতকাল বিকেলে জানান, ভটভটিটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।