বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চার সদস্যর বিরুদ্ধে ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দ দেওয়া ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তাঁরা প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি চালের স্থলে ১০০ করে টাকা দিয়েছেন।
এ ঘটনায় গত সোমবার উপকারভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। যাঁদের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ করা হয়েছে তাঁরা হলেন ওই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম, ৭ নম্বর ওয়ার্ডের রেজাউল করিম, ৮ নম্বর ওয়ার্ডের আরমান আলী ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য শাহনাজ পারভীন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, শাহবন্দেগী ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ব্যক্তিদের জন্য ভিজিএফের তিন হাজার ১৬৪ কার্ড বরাদ্দ দেওয়া হয়। প্রত্যেক কার্ডধারীর ১০ কেজি করে চাল পাওয়ার কথা। উল্লিখিত চারজন ইউপি সদস্য তাঁদের ওয়ার্ডগুলো থেকে ৫৮০ জন উপকারভোগীর তালিকা তৈরি করেন। ইউপি কার্যালয়ে ৪ ও ৫ আগস্ট তাঁদের মাঝে চাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ওই চার ইউপি সদস্য দুস্থ ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ১০০ করে টাকা দিয়ে মাস্টারোল তৈরি করেছেন।
গত সোমবার ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেরুয়া দহপাড়া গ্রামে গেলে দুস্থ মরিয়ম বেওয়া বলেন, ‘আমি টাকা না নিয়া চাল চাইছিলাম। মেম্বর জোর করে টাকা দিয়া মাস্টাররোলে আমার টিপসই নিছে। প্রতিবাদ কইরাও কুন উপকার পাই নাই।’ একই অভিযোগ করেন ওই ওয়ার্ডের অপর উপকারভোগী হযরত আলী।
ইউপি সদস্য আরমান আলী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। একইভাবে অপর তিনজন ইউপি সদস্য তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। চেয়ারম্যান আবদুর রহমান দাবি করেন, চাল বিতরণকালে তদারক কর্মকর্তা হিসেবে উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তা আবদুর রউফ জানান, তিনি তাঁর দপ্তরের অন্য কাজের জন্য চাল বিতরণের সময় ইউপি কার্যালয়ে সার্বক্ষণিক থাকতে পারেননি।
ইউএনও এ কে এম সরোয়ার জাহান জানান, অভিযোগ পাওয়ার পর চাল বিতরণে অনিয়মের বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।