শেরপুরে ভুয়া চিকিৎসকসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসাশাস্ত্রে প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকা সত্ত্বেও ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে দুজন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় এক ভুয়া চিকিৎসকের সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া দুই ভুয়া চিকিৎসক হলেন শেরপুর জেলা শহরের পুরাতন গরুহাটি মহল্লার রবিউল হোসেনের স্ত্রী মর্জিনা খাতুন ওরফে রেণু (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার বালিয়াচণ্ডি গ্রামের মো. চান মিয়া (৫২)। পুলিশ চান মিয়ার সহযোগী শ্রীবরদী উপজেলার গোপালখিলা গ্রামের রুবেল মিয়াকেও (১৮) গ্রেপ্তার করেছে। তাঁদের গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া মর্জিনা বেগম নিজের নামের আগে ডাক্তার এবং নামের পরে স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ উল্লেখ করে গরুহাটির বাসায় চেম্বার বসিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি অনৈতিকভাবে গর্ভপাত করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে মর্জিনাকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে ঝিনাইগাতী উপজেলার বালিয়াচণ্ডি গ্রামের মো. চান মিয়া নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে নিজ বাড়িতে ফার্মেসি খুলে প্রতারণামূলকভাবে গ্রামের লোকজনকে চিকিৎসা দিয়ে আসছিলেন। ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চান মিয়া ও তাঁর সহযোগী রুবেল মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় চান মিয়ার ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও যৌন শক্তিবর্ধক বড়ি উদ্ধার করা হয়।শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইনে শেরপুর সদর ও ঝিনাইগাতী থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে।