শেরপুরে ভূমিহীন পরিবারের জমি দখলের চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় তিন ভূমিহীন পরিবারের দখলে থাকা জমি স্থানীয় কয়েক ব্যক্তি দখল করার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উপজেলা শহরের উত্তর সাহাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে হারান ব্যাপারীর স্ত্রী চামেলী বেগম শনিবারই উত্তর সাহাপাড়ার আবদুল লতিফসহ আটজনকে আসামি করে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেন।উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী আবদুল মান্নান জানান, যে সম্পত্তির ওপর এই হামলার ঘটনা ঘটেছে, তা মূলত অর্পিত সম্পত্তি। এই সম্পত্তি ইজারা নেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেদন করেছে। আবদুল লতিফ বলেন, প্রায় নয় মাস আগে মূল জোতদারের কাছ থেকে তিনি এই সম্পত্তি কিনেছেন। শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, দখলের সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।