শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের চাঞ্চল্যকর মঞ্জুর হত্যা মামলার রায় দেওয়া হয়েছে। রায়ে একজনকে মৃত্যুদণ্ড ও চার ভাইসহ পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শেরপুরের জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা গতকাল রোববার বিকেলে এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শেরপুর সদর উপজেলার রৌহা চরপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে মতলেব আলী মুন্সি ওরফে মো. আবদুল মোতালেব। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রৌহা চরপাড়া গ্রামের মৃত আজগর আলীর চার ছেলে মো. আজমত আলী, মো. ইদ্রিস আলী, আবুল শেখ ওরফে আবুল হোসেন ও মো. আবদুল খালেক এবং একই গ্রামের নিজামউদ্দিনের ছেলে মো. ফজলুল হক। আদালত সূত্রে মামলার বিবরণে জানা গেছে, শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত গেন্দু আকন্দের ছেলে নওশের আলী আকন্দের সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। এর জের ধরে ২০০৬ সালের ২৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে দণ্ডপ্রাপ্ত আসামিরা দা, লাঠি, ফালা, এককাইল্যাসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্র নিয়ে অতর্কিতভাবে নওশের আলী আকন্দ ও তাঁর আত্মীয়স্বজনের ওপর হামলা চালায়।