শেরপুরে মতবিনিময় সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের অবস্থান ধর্মঘটের কারণে গতকাল মঙ্গলবার প্রধান শিক্ষকদের সঙ্গে শিক্ষা কর্মকর্তাদের মতবিনিময় সভা পণ্ড হয়ে গেছে। উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিনের অভিযোগ, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হওয়া সত্ত্বেও এ সভা সম্পর্কে তাঁকে ও ভাইস চেয়ারম্যানদের জানানো হয়নি। শতভাগ শিশুকে স্কুলমুখী করতে ও ঝরে পড়া রোধে গতকাল সারা দেশের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। এরই অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শেরপুর সদর উপজেলার প্রধান শিক্ষকদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক মাহফুজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা ছিল। এ জন্য নির্ধারিত সময়ের মধ্যেই সদর উপজেলার ১৮৭টি সরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সদর উপজেলার শিক্ষা বিভাগের কর্মকর্তারা শিল্পকলা একাডেমীতে উপস্থিত হন।কিন্তু সকাল সাড়ে নয়টায় চেয়ারম্যান ইলিয়াছ, ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম শিল্পকলা একাডেমীর প্রধান ফটকের সামনে বসে অবস্থান ধর্মঘট করেন। প্রখর রোদের মধ্যে প্রায় দুই ঘণ্টা অবস্থান করার সময় চেয়ারম্যান ইলিয়াছ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁদের (উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান) অবজ্ঞা করে বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচি পালন করছেন। এ ব্যাপারে বিভিন্ন সময়ে তাঁদের দৃষ্টি আকর্ষণ করা হলে তাঁরা বলেন, পরে বিষয়টি ঠিক করে নেবেন। চেয়ারম্যান বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। জনপ্রতিনিধি হিসেবে তাঁরাও শেরপুর সদরের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করতে চান।এ অবস্থায় শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদ আক্তার সভাটি স্থগিত ঘোষণা করেন। নাহিদ আক্তার বলেন, ‘গত সোমবার দুপুরে চেয়ারম্যান স্যারকে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম।’ চেয়ারম্যানকে অবজ্ঞা করার অভিযোগ ভিত্তিহীন বলে জানান তিনি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন জানান, চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানকে কোনো রকম অবজ্ঞা করা হয়নি। যথাযথভাবে সম্মান করে চেয়ারম্যানকে প্রধান অতিথি হিসেবে সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল।