শেরপুরে মন্দির এলাকায় পুলিশি টহল ও নজরদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে বিভিন্ন মন্দির ও এর আশপাশের এলাকায় পুলিশি টহল ও অপরিচিত লোকজনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ গতকাল শনিবার ভোর থেকে এ দায়িত্ব পালন করছে।
দেশে পুরোহিতসহ একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, হিন্দুধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী পীঠস্থান (তীর্থস্থান) উপজেলার মা ভবানী মন্দিরসহ শেরপুর পৌর শহরের ইস্কন মন্দির ও শ্রীশ্রী জগন্নাথ মন্দির চত্বর এলাকায় পুলিশের সার্বক্ষণিক টহল চলবে।
উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান শহরের ইস্কন মন্দিরে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইস্কন মন্দিরের কোষাধ্যক্ষ পতিত পাবন গৌরাঙ্গ দাস বলেন, গতকাল ভোররাত থেকেই তিনি মন্দির ও মন্দিরের আশপাশ এলাকায় পুলিশ সদস্যদের উপস্থিতি দেখছেন। মাঝেমধ্যে তাঁরা মন্দির চত্বরে এসে খোঁজখবর নিচ্ছেন।
এ মন্দিরে আসা দুজন বলেন, সাম্প্রতিক ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশের নজরদারি সাধারণ মানুষজনের আতঙ্ক কিছুটা কমাতে পারে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, ওই সব মন্দির ও মন্দিরের আশপাশের এলাকাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ এখন থেকে দায়িত্ব পালন করছে।